ডিজেলের দাম কমাতে কর ছাড়ের পথে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ রয়টার্স
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় ওঠায় ভোক্তা ও ব্যবসায়ীদের ব্যয় বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে কম দামে ডিজেল সরবরাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ জন্য কর ছাড়সহ কয়েকটি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে একটি নির্বাহী আদেশ প্রস্তুত করছেন ট্রাম্প, যা সোমবারের মধ্যেই ঘোষণা হতে পারে। প্রস্তাবিত আদেশে করমুক্ত ডিজেলের সরবরাহ বাড়ানোর পাশাপাশি বিভিন্ন রাজ্যের সাথে সমন্বয় করে সড়কে ব্যবহৃত ডিজেলের ওপর কর মওকুফের উদ্যোগ নেয়ার কথা রয়েছে।
পরিকল্পনার অংশ হিসেবে কৃষিকাজ ও নির্দিষ্ট অফ-রোড যানবাহনে ব্যবহৃত ‘রেড-ডাইড ডিজেল’ আরও সহজলভ্য করার উদ্যোগ নেয়া হতে পারে। পাশাপাশি পরিবহন বিভাগকে রাজ্যগুলোর সাথে কাজ করে সড়ক পরিবহনে ব্যবহৃত ডিজেলের কর কমানোর বা মওকুফের ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হতে পারে। এতে ট্রাক পরিবহনসহ জ্বালানিনির্ভর বিভিন্ন খাতের ব্যয় কমতে পারে।
সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম গ্যালনপ্রতি প্রায় ৬ দশমিক ৫০ ডলারে উঠে রেকর্ড গড়ে। পণ্য পরিবহনে ডিজেলের ব্যাপক ব্যবহার থাকায় দাম বৃদ্ধির প্রভাব পরিবহন ব্যবসার পাশাপাশি অন্যান্য খাতেও পড়ছে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে জ্বালানির এই চাপ কমানো ট্রাম্প প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইরান ও ইউক্রেনের চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্নকে দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। একই সাথে রাশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল শোধনাগারে হামলার প্রভাবও আন্তর্জাতিক জ্বালানি বাজারে পড়েছে।
ডিজেলের সরবরাহ বাড়াতে আন্তর্জাতিক পর্যায়েও উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের চাপের পর গত সপ্তাহে জি৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়তে সম্মত হয়েছে। তবে এই পরিমাণের কতটা নতুন সরবরাহ এবং কতটা আগে ঘোষিত মার্চের বৈশ্বিক চুক্তির আওতায় ছিল, তা এখনও পরিষ্কার নয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)