হরমুজ প্রণালীতে দুই তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫২ এএম
সংগৃহীত ছবি
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এ তথ্য জানায়। সাম্প্রতিক এ ঘটনায় গুরুত্বপূর্ণ নৌপথটিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়লে এ নৌপথটি কৌশলগতভাবে আরো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যুদ্ধ শুরুর আগে বিশ্বে ব্যবহৃত মোট তেল ও এলএনজির প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো।
প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেয়ার পাশাপাশি অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে প্রবেশের অভিযোগে কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে তেহরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলো ঘিরে অবরোধ আরোপ করে ওয়াশিংটন, যার লক্ষ্য দেশটির তেল রপ্তানি বাধাগ্রস্ত করা।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রথম ট্যাংকারটিতে হামলার পর অল্প সময়ের জন্য আগুন ধরে যায় এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্যাংকারটি হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর জাহাজটি আবার যাত্রা শুরু করতে সক্ষম হয়। তবে জাহাজটির যাত্রার সূচনাস্থল ও গন্তব্য সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংশ্লিষ্ট সংস্থাটি।
প্রথম ঘটনার কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরেকটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতের খবর পাওয়া যায়। দ্বিতীয় জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন। এ ঘটনায়ও পরিবেশগত ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
দুটি জাহাজে হামলার ঘটনা কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় অংশ পরিবাহিত হওয়ায় এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির যেকোনো অবনতি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)