সমুদ্রে গোসল করতে নেমে ৮ শিক্ষার্থীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র দীভিয়াগর সৈকতে পিকনিকে গিয়ে সমুদ্রের স্রোতে ভেসে আট কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের সবাই ১৬ বছর বয়সী। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতরা পুনে জেলার আলান্দির একটি কোচিং সেন্টারের শিক্ষার্থী। ভ্রমণের জন্য তারা প্রায় ১৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীভিয়াগরে গিয়েছিল।
পুলিশ জানায়, শিক্ষার্থী ও শিক্ষকসহ মোট ৪৮ জনের একটি দল বিকেল সাড়ে ৫টার দিকে সৈকতে পিকনিকে যায়। একপর্যায়ে আট শিক্ষার্থী সমুদ্রে নামে। পানির গভীরতা ও স্রোতের তীব্রতা ঠিকমতো বুঝতে না পারায় তারা স্রোতে ভেসে যায়।
ঘটনার পরপরই দীভিয়াগরের ‘ভাউ মারুতি সালুনখে মহাকালী ওয়াটার স্পোর্টস’-এর মালিক ভাউ সালুনখে ও তার দল উদ্ধার অভিযান শুরু করে। তারা সমুদ্র থেকে আট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার খবর পেয়ে দিঘি সাগরি বোরলি পঞ্চায়তন থানার সহকারী পুলিশ পরিদর্শক (এপিআই) সন্তোষ আওয়াতি একটি দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ মরদেহগুলো হেফাজতে নেয়। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহগুলো বোরলি পঞ্চায়তন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (পিএইচসি) পাঠানো হয়।
দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী গিরিশ মহাজন এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন। কোচিং সেন্টারটিকে এ ঘটনার জন্য জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান তিনি। স্কুলের শিক্ষা সফরের জন্য রাজ্য সরকার শিগগিরই নতুন নিরাপত্তা নির্দেশিকা জারি করবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)