আফগানিস্তানে পাকিস্তানের হামলা, নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ পিএম
ছবিঃ সিএনএন
আফগানিস্তানের কুনার ও হেলমান্দ প্রদেশে বিমান হামলা চালিয়ে ২২ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। তবে আফগান সরকারের দাবি, এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত নয়জন বেসামরিক মানুষ নিহত এবং আরো ১১ জন আহত হয়েছেন। দুই পক্ষের হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে সশস্ত্র গোষ্ঠীর শিবির ও গোপন আস্তানাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির দাবি, হামলায় অস্ত্র ও গোলাবারুদের মজুতও ধ্বংস হয়েছে এবং প্রাথমিক হিসাবে ২২ জন যোদ্ধা নিহত হয়েছেন। বেসামরিক হতাহত এড়াতে প্রয়োজনীয় সতর্কতা নেয়া হয়েছিল বলেও জানায় ইসলামাবাদ।
অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বুধবার গভীর রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের কুনার ও দক্ষিণাঞ্চলের হেলমান্দে হামলাগুলো চালানো হয়। তার দাবি, তিনটি বাড়ি ধ্বংস হয়েছে এবং নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামলার ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলেও জানান তিনি।
মুজাহিদ এসব হামলার নিন্দা জানিয়ে এগুলোকে আগ্রাসন ও অপরাধ হিসেবে উল্লেখ করেছেন। আফগান কর্তৃপক্ষের দাবি, সশস্ত্র গোষ্ঠীর পরিবর্তে বেসামরিক বাড়িঘরই হামলার শিকার হয়েছে। অন্যদিকে পাকিস্তান বলছে, তাদের অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্দিষ্ট ঘাঁটি ও আস্তানাকে লক্ষ্য করে।
প্রায় তিন মাস তুলনামূলক শান্ত থাকার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ও সংঘাত বাড়ছে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ডে তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ (টিটিপি) বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আশ্রয় নিয়ে পাকিস্তানের ভেতরে সীমান্তপারের হামলা চালাচ্ছে। কাবুল অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং পাকিস্তানের নিরাপত্তা সমস্যাকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করছে।
নতুন বিমান হামলার ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান বিরোধ আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের পাশাপাশি আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার ঘটনাও বেড়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)