‘উড়িয়ে দেব, অথবা একটি চুক্তি করব’-ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১০:৪১ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্যে তেহরানের সাথে সমঝোতার পাশাপাশি সামরিক পদক্ষেপের সম্ভাবনাও উঠে এসেছে।
বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানকে ঘিরে চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হবে না। যুক্তরাষ্ট্রকে এখন সামরিক পদক্ষেপ নেওয়া অথবা একটি চুক্তিতে পৌঁছানোর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘হয়তো তাদের উড়িয়ে দিতে হবে। আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে। তাদের উড়িয়ে দেব, অথবা একটি চুক্তি করব।’ তিনি আরো বলেন, যেকোনো একটি উপায়ে ইরান পরিস্থিতির অবসান খুব শিগগিরই ঘটবে। তার ভাষায়, ‘সময় এসে গেছে। একভাবে হোক বা অন্যভাবে, এটি খুব শিগগিরই শেষ হবে।’
ট্রাম্পের এই মন্তব্য এমন সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংঘাত ও কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে। এর আগে ইরানের পক্ষ থেকে সংকট নিরসনে একটি প্রস্তাব দেয়া হলেও ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করেছিলেন। একই সময়ে কাতারসহ মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে যোগাযোগও অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকির পাশাপাশি আলোচনার পথও পুরোপুরি বন্ধ হয়নি। ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে দ্রুত সমাধানের কথা বলা হলেও ওয়াশিংটন শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিক সমঝোতায় যাবে, তা এখনো স্পষ্ট হয়নি।
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাই আন্তর্জাতিক মহলের নজর রয়েছে। এদিকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার সম্ভাবনাও সক্রিয় রয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)