Logo
×

Follow Us

আন্তর্জাতিক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে রাশিয়ার সমর্থন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ এএম

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে রাশিয়ার সমর্থন

সংগৃহীত ছবি

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবারও সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেয়া বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ অবস্থান তুলে ধরেন।

ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব আরো বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে ভারত ও ব্রাজিলকে স্থায়ী সদস্য করার দাবির প্রতি মস্কোর সমর্থন রয়েছে। একই সাথে জার্মানি ও জাপানের মতো পশ্চিমা দেশকে নতুন স্থায়ী সদস্য করার বিষয়ে আপত্তির কথা জানান তিনি।

নিরাপত্তা পরিষদ সম্প্রসারণের পাশাপাশি বর্তমান স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বহাল রাখার পক্ষেও রাশিয়া। সম্প্রতি ক্রেমলিনও জানিয়েছে, পরিষদে নতুন স্থায়ী সদস্য যুক্ত করার বিষয়ে মস্কো সমর্থন করে, তবে বর্তমান ভেটো ব্যবস্থার পরিবর্তন চায় না।

ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার পাশাপাশি মরিশাসও সমর্থন জানিয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল ভারতের ভূমিকার প্রশংসা করে এ দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্যরাষ্ট্র রয়েছে। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য; অন্য ১০টি আসন অস্থায়ী সদস্যদের জন্য নির্ধারিত।

তবে নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে ভারতের স্থায়ী সদস্যপদ নিয়ে চীনের অবস্থানসহ বিভিন্ন বিরোধের কারণে পরিষদ সংস্কারের প্রক্রিয়ায় এখনো ঐকমত্য তৈরি হয়নি।

মন্তব্য করুন