Logo
×

Follow Us

আন্তর্জাতিক

নিউইয়র্ক-নিউ জার্সি ‘নরইস্টার’ঝড়ে বিপর্যস্ত, জরুরি অবস্থা জারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পিএম

নিউইয়র্ক-নিউ জার্সি ‘নরইস্টার’ঝড়ে বিপর্যস্ত, জরুরি অবস্থা জারি

ছবিঃ আল জাজিরা

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। নিউইয়র্ক ও নিউ জার্সিসহ বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস, উপকূলীয় বন্যা ও বিদ্যুৎ বিচ্ছিন্নতায় জনজীবন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্কের বিভিন্ন এলাকা ও নিউ জার্সির কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্ক সিটি, বোস্টনসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আরো ভারী বৃষ্টি, শক্তিশালী বাতাস ও উপকূলীয় বন্যার আশঙ্কা জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ঝড়ের প্রভাবে এরই মধ্যে এক লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

নরইস্টারের প্রভাবে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব ও বাতিল হওয়ায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনের সাথে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

পূর্ণিমার জোয়ারের সাথে ঝড়ের প্রভাব যুক্ত হওয়ায় উপকূলীয় বন্যার ঝুঁকি আরো বেড়েছে। নিউ জার্সির সার্ফ সিটি ও মানাসকোয়ান এলাকায় ইতোমধ্যে রাস্তাঘাট ও কিছু বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং বন্যার পানির মধ্যে দিয়ে গাড়ি বা হেঁটে চলাচল না করতে বলা হয়েছে।

ঝড়ের কারণে বিভিন্ন বড় আয়োজনও বাতিল বা স্থগিত করা হয়েছে। বোস্টনে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’ও বাতিল হয়েছে। একই কারণে নিউইয়র্ক রেড বুল ও সেন্ট লুইস সিটি এসসির ফুটবল ম্যাচ বাতিল করা হয়েছে। বোস্টন রেড সক্স ও শিকাগো কাবসের ম্যাচও ফ্লোরিডায় সরিয়ে নেয়া হয়েছে।

নিউইয়র্কে ঘণ্টায় প্রায় ৮৬ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এতে গাছ উপড়ে পড়া এবং বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বাসিন্দাদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। 

নিউ জার্সির গভর্নর মিকি শেরিলও পরিস্থিতিকে গুরুত্বের সাথে নিয়ে সতর্ক থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। রাজ্যটির আটটি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করে উদ্ধার ও জরুরি ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন