Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পিএম

সিইসির পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ছবিঃ দি টাইমস অব ইন্দিয়া

ভারতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া ও নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে তরুণদের রাজনৈতিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজিপি)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে সিইসি পদত্যাগ না করলে দেশজুড়ে বড় ধরনের আন্দোলন শুরু করা হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের একটি জাতীয় পত্রিকায় নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। বিরোধী দলগুলোর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে নির্বাচনে সুবিধা দিতে পরিকল্পিতভাবে বিপুলসংখ্যক প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করেছে।

সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক জানিয়েছেন, শনিবারের মধ্যে সিইসি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন মুম্বাই থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে নতুন করে আন্দোলন গড়ে তোলা হবে। বেকার তরুণদের নিয়ে করা একটি বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক আন্দোলন হিসেবে সংগঠনটির যাত্রা শুরু হলেও পরে তা বড় আকার নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসও। দেশের বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করে দলটির নেতাকর্মীরা সিইসির গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। বিপরীতে নির্বাচন কমিশন ও বিজেপির বক্তব্য, নির্বাচনে পরাজয়ের পর বিরোধী দলগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ভিত্তিহীন অভিযোগ তুলছে।

এর আগে গত জুলাইয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে একই তরুণদের আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন