Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ঠেকাতে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ঠেকাতে জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস

সংগৃহীত ছবি

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আরো কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ। বৈশ্বিক উষ্ণায়ন এবং বরফের চাদর ও হিমবাহ গলে যাওয়ার কারণে তৈরি এই সংকট বিশেষ করে নিচু দ্বীপদেশগুলোর অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।

বৃহস্পতিবার জাতিসংঘে গৃহীত এ প্রস্তাবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর সহনশীলতা বাড়াতে প্রয়োজনীয় অর্থায়ন জোরদারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। জাতিসংঘের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা হয়তো মিলিমিটারে পরিমাপ করা হয়, কিন্তু এর প্রভাব লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত হওয়া, বসতি হারানো এবং ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার মধ্য দিয়ে প্রকাশ পায়। দেশ ও সংস্কৃতিকে সমুদ্রের নিচে হারিয়ে যেতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঘোষণাটির মাধ্যমে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সংকট মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগে নতুন গতি আনার চেষ্টা করা হয়েছে। একই সাথে কোনো দেশের উপকূলরেখা পিছিয়ে গেলেও তার সামুদ্রিক সীমানা বহাল থাকবে—এমন আইনি বিষয়েও অবস্থান স্পষ্ট করা হয়েছে। একটি রাষ্ট্রের কোনো মৌলিক উপাদান বিলীন হয়ে গেলেই যে সেই রাষ্ট্র তার মর্যাদা হারাবে, এমন নয় বলেও ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

ছোট দ্বীপদেশগুলোর জোট অ্যালায়েন্স অব স্মল আইল্যান্ড স্টেটসের পক্ষে বক্তব্য দিতে গিয়ে পালাউয়ের প্রেসিডেন্ট সুরাঙ্গেল হুইপস জুনিয়র বলেন, যেসব রাষ্ট্রের অস্তিত্ব ও পরিচয়ের সাথে সমুদ্র গভীরভাবে যুক্ত, তাদের জন্য সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি জীবন বদলে দেয়ার মতো প্রভাব ফেলবে।

তিনি বলেন, ছোট দ্বীপদেশগুলো ১৯৮৯ সালের ‘মালে ঘোষণা’র পর থেকেই বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে আসছে এবং আন্তর্জাতিক আইন প্রণয়নের ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। জাতিসংঘের নতুন ঘোষণাকে তিনি ‘একটি সত্যিকারের অর্জন’ হিসেবে স্বাগত জানান।

এদিকে ২০২৪ সালে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৬ মিলিমিটার বেড়েছে, যা এক বছরে রেকর্ড করা সর্বোচ্চ বৃদ্ধি। বড় ধরনের কার্যকর পদক্ষেপ না নিলে চলতি শতাব্দীর শেষ নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বা তারও বেশি বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।

মন্তব্য করুন