Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ট্রাম্পের স্টেট ডিনারে শি জিনপিং সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিরা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

ট্রাম্পের স্টেট ডিনারে শি জিনপিং সহ প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিরা

ছবিঃ এনডি টিভি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে আয়োজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্টেট ডিনারে প্রযুক্তি ও ব্যবসা জগতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতি ছিল অন্যতম আকর্ষণ। বৃহস্পতিবারের এই আয়োজনে মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের স্বামী-স্ত্রীদের পাশাপাশি বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তারাও অংশ নেন।

স্টেট ডিনারে উপস্থিত ছিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, টেসলার সিইও ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এবং ডেল টেকনোলজিসের চেয়ারম্যান ও সিইও মাইকেল ডেল। প্রযুক্তি ও শিল্প খাতের আরো কয়েকজন শীর্ষ ব্যক্তিও অনুষ্ঠানে অংশ নেন।

ট্রাম্পের এমন আয়োজনে প্রযুক্তি খাতের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি অবশ্য নতুন নয়। গত মে মাসে চীন সফরের সময়ও তিনি ব্যবসা ও প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে সঙ্গে নিয়েছিলেন। ওই দলে ছিলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, অ্যাপলের সাবেক সিইও টিম কুক এবং টেসলার সিইও ইলন মাস্ক।

সে সময় ট্রাম্পের সম্মানে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ স্টেট ডিনারের আয়োজন করেছিলেন শি জিনপিং। তবে এবার ওয়াশিংটনে আয়োজিত ডিনারে কোনো চীনা কোম্পানির সিইওকে দেখা যায়নি।

এপি জানিয়েছে, স্টেট ডিনারের অতিথি তালিকায় চীনের কয়েকটি গুরুত্বপূর্ণ কোম্পানিকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছিল। তবে রাষ্ট্রীয় সফরে চীনা কোম্পানির প্রধান নির্বাহীদের ভূমিকা কী হবে এবং তাদের জন্য কী ধরনের প্রটোকল রাখা হবে—এসব প্রশ্নে জটিলতা তৈরি হয়। মার্কিন পক্ষ প্রস্তাব দিতে দেরি করায় শেষ পর্যন্ত বিষয়টি বাস্তবায়িত হয়নি।

স্টেট ডিনারের আগে ট্রাম্প ও শি জিনপিং বৈঠক করেন। তবে ওই বৈঠক থেকে বড় কোনো চুক্তি ঘোষণার খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন