জাতিসংঘে গাজা ইস্যুতে ইসরাইলের বিরুদ্ধে স্প্যানিশ প্রধানমন্ত্রীর কড়া বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পেনের অবস্থান স্পষ্ট করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ বিতর্কে বক্তব্য দেয়ার সময় সানচেজ বলেন, গাজায় চলমান পরিস্থিতিকে স্পেন স্পষ্টভাবে ‘গণহত্যা’ হিসেবে নিন্দা করছে। একই সাথে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ মেনে চলার আহ্বান জানান তিনি।
স্পেনের প্রধানমন্ত্রী বলেন, গত আট বছর ধরে তার দেশ যেকোনো ধরনের আগ্রাসী যুদ্ধের বিরোধিতা করে আসছে। ইউক্রেন, লেবানন কিংবা ইরান—যেখানেই আগ্রাসনের ঘটনা ঘটুক, স্পেনের অবস্থান একই থাকবে বলে জানান তিনি।
সানচেজের ভাষ্য, যুদ্ধ ও আগ্রাসনের বিরোধিতা স্পেনের নীতির অংশ। এ কারণে তার সরকার সামরিক ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। পাশাপাশি জাতিসংঘ সনদের পরিপন্থী যেকোনো হামলা প্রতিহত করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
তিনি আরো বলেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান নিষেধাজ্ঞা কার্যকর রাখার পাশাপাশি ইসরাইলের নেতানিয়াহু সরকারের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে স্পেন প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো সামরিক আগ্রাসনের জন্য স্পেনের ভূখণ্ড ব্যবহার করতে না দেয়ার অবস্থানও পুনর্ব্যক্ত করেন সানচেজ।
জাতিসংঘের মঞ্চে দেয়া এ বক্তব্যের মধ্য দিয়ে গাজায় ইসরাইলি সামরিক অভিযান নিয়ে স্পেন সরকারের অবস্থান আরো স্পষ্টভাবে তুলে ধরেছেন দেশটির প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)