Logo
×

Follow Us

আন্তর্জাতিক

আইসিসির তীব্র সমালোচনায় ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

আইসিসির তীব্র সমালোচনায় ট্রাম্প

সংগৃহীত ছবি

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতটিকে ‘নিয়ন্ত্রণহীন ও দুর্বৃত্ত সংস্থা’ হিসেবে উল্লেখ করে এর সদস্য দেশগুলোকে আনুষ্ঠানিকভাবে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, কোনো মার্কিন সেনাসদস্য বা নাগরিককে আইসিসির বিচারের মুখোমুখি হতে দেয়া হবে না। মার্কিন সার্বভৌমত্ব ও নাগরিকদের ওপর আদালতটির কোনো এখতিয়ার নেই বলেও মন্তব্য করেন তিনি। আইসিসির সমালোচনা করতে গিয়ে তিনি সংস্থাটির কর্মকর্তাদের কঠোর ভাষায় আক্রমণ করেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ট্রাম্পের এই বক্তব্য এলো। ওই পরোয়ানার পর যুক্তরাষ্ট্র ইতোমধ্যে আইসিসির কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সাথে আইসিসির মার্কিন ডলারে লেনদেন বন্ধসহ আরো কঠোর পদক্ষেপ নেয়ার বিষয়ও বিবেচনা করা হচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদ ও ইউনেস্কোর কিছু নীতিরও সমালোচনা করেন ট্রাম্প। তার দাবি, বিশ্বায়নপন্থী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কিছু কার্যক্রম বিভিন্ন দেশের নিজস্ব ঐতিহ্য ও সীমান্ত সুরক্ষার ওপর প্রভাব ফেলছে।

জাতিসংঘ সংস্কার প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপের ফলে সংস্থাটিতে পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে জাতিসংঘের বাজেট ১৫ শতাংশ কমানো এবং প্রায় ৪ হাজার কর্মকর্তা ছাঁটাই করা সম্ভব হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ ছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বিশ্বজুড়ে জাহাজে কার্বন কর আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের উদ্যোগে আটকে দেয়া হয়েছে বলে জানান ট্রাম্প। নিজেকে বিশ্বায়নপন্থী নীতির বিরোধী হিসেবে তুলে ধরে তিনি বলেন, মার্কিন সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার প্রশ্নে কোনো ছাড় দেবে না যুক্তরাষ্ট্র।

মন্তব্য করুন