Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী মোকায় বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। এতে অন্তত ছয় জন নিহত এবং আরো আট জন আহত হয়েছেন। নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা।

সাবা নিউজ এজেন্সির মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানায়,  সোমবার রাতে মোকায় হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান বাহিনী। এতে দুই শিশু ও একজন নারীসহ ৬ জন নিহত এবং একজন শিশু ও একজন নারীসহ আরো ৮জন আহত হয়েছেন।

এদিকে ইয়েমেনের গভর্নিং বডির প্রধান রাশাদ আল-আলিমি হুথিদের বিরুদ্ধে মার্কিন সমর্থন চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন। আল-আলিমির কার্যালয়ের একজন সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, ট্রাম্প সামরিক সহায়তার কোনো প্রতিশ্রুতি দেননি। সূত্রটি আরো জানায়, ফোনালাপটি রবিবার অনুষ্ঠিত হয় এবং এর উদ্দেশ্য ছিল সংকটের মধ্যে থাকা ইয়েমেনি সরকারের প্রতি সংহতি প্রকাশ করা।

এর আগে ১৬ সেপ্টেম্বর হুথি বাহিনী সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে। এ ঘটনায় বিধ্বস্ত বিমানটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গোষ্ঠীটি। একই সময়ে সৌদি আরবের জ্বালানি খাতের বিভিন্ন স্থাপনাতেও হুথিদের হামলার খবর পাওয়া গেছে।

আগস্টের শেষ সপ্তাহ থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে। এর মধ্যে সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কয়েক দফা হামলার পাশাপাশি বাব এল মান্দেব প্রণালি নিয়েও পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বাব এল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ। বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিকে ঘিরে সংঘাত বাড়লে আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক নৌপরিবহনেও প্রভাব পড়তে পারে।

মন্তব্য করুন