মধ্যপ্রাচ্য ছাড়তে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পিএম
মধ্যপ্রাচ্য ছাড়তে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের সতর্কতা
মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানি বাহিনী বলেছে, অঞ্চলটিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘জঘন্য ও অপরাধমূলক উপস্থিতি’ থেকে মুক্ত করতে হবে।
এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ়প্রতিজ্ঞ। তবে ইরান আন্তরিকভাবে আলোচনায় ফিরতে চাইলে কূটনৈতিক সমাধানের জন্য এখনো ‘আলোচনার টেবিলে’ ফেরার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
অন্যদিকে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উদ্বেগের কথা জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। মার্কিন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরাকের তেলবাহী ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেয়নি ইরান।
ইরাকি প্রধানমন্ত্রীর দাবি, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় ইরাক প্রায় ৬০ বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে। একই সময়ে দেশটির মাসিক রপ্তানি আয়ও প্রায় ৬০ শতাংশ কমেছে।
এদিকে ইরানের বিমান চলাচল খাত নিয়েও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, বুধবারের মধ্যে বিশ্বজুড়ে ইরানের সব বিমান সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
তবে মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইরান এয়ার জানিয়েছে, তেহরান, মাশহাদ ও ইসফাহান থেকে ইরাকের নাজাফে তাদের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
ফলে ইরানের বিমান পরিবহন খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বাস্তব প্রভাব এবং দেশটির আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম কতটা সীমিত হবে, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক আলোচনা, জ্বালানি পরিবহন ও আঞ্চলিক যোগাযোগ পরিস্থিতিও নজরে রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)