জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ এএম
ছবিঃ আল জাজিরা
শক্তিশালী টাইফুন দুজুয়ানের প্রভাবে জাপানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও ভূমিধসে এখন পর্যন্ত দুইজন নিহত ও চারজন নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ চারজনই কানাগাওয়া প্রদেশের বাসিন্দা। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয় উদ্ধারকারী দল। জাপানের আবহাওয়া সংস্থা এর আগে সতর্ক করে জানিয়েছিল, টাইফুন দুজুয়ান মানুষের জীবনের জন্য ‘তাৎক্ষণিক বড় হুমকি’ তৈরি করতে পারে।
পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় কয়েকটি এলাকায় সতর্কতার মাত্রা কমানো হয়েছে। তবে বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে। টাইফুনের প্রভাবে দেশটির বিভিন্ন এলাকায় ৫০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
টাইফুনের কারণে জাপানে বিমান ও রেল যোগাযোগেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সাথে বেশ কয়েকটি এলাকায় রেল চলাচল বন্ধ রাখা হয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, টাইফুন দুজুয়ানের সর্বোচ্চ স্থায়ী বাতাসের গতি ছিল ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটার। ঝোড়ো বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত উঠেছে।
প্রবল বৃষ্টি ও ভূমিধসেও প্রাণহানির ঘটনা ঘটেছে। ইয়োকোসুকা শহরে ষাটের কোঠার এক নারী এবং চিবা প্রদেশের সোদেগাউরা শহরে এক ব্যক্তি মারা গেছেন।
টাইফুনের প্রভাবে দেশটির বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজনও বাতিল করা হয়েছে। এর মধ্যে রক ইন জাপান সংগীত উৎসব এবং টোকিও গেম শোর কয়েকটি অনুষ্ঠান রয়েছে।
এ বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন হলো দুজুয়ান। বর্তমানে এটি জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূল ধরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। নতুন করে ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য সংগ্রহ করছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)