Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরানি প্রতিনিধিদলের কয়েকজনকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

ইরানি প্রতিনিধিদলের কয়েকজনকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতির মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে ভিসা দেয়নি মার্কিন প্রশাসন। ভিসা না পাওয়া ব্যক্তিদের মধ্যে প্রেসিডেন্টের যোগাযোগ দলের কয়েকজন সদস্যও রয়েছেন।

সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রেসিডেন্টের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা দেয়া হয়নি। তেহরান এ ঘটনাকে যুক্তরাষ্ট্র সরকারের ‘নজিরবিহীন’ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

ইরানের আরেক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহেরও প্রেসিডেন্টের মুখপাত্রের বরাতে একই তথ্য প্রকাশ করেছে। আগামী বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানের সাথে যুদ্ধ শুরুর পর দেশটির সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে পেজেশকিয়ানের এই প্রথম যুক্তরাষ্ট্র সফর। ফলে তার নিউইয়র্ক সফরকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

ইরানি প্রতিনিধিদলের কয়েকজনকে ভিসা না দেয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তার অভিযোগ, এ ধরনের সিদ্ধান্ত তথ্য পাওয়ার অধিকারকে বাধাগ্রস্ত করছে। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি হোয়াইট হাউসের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তিনটি বড় মার্কিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার ঘটনাও উল্লেখ করেন।

তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং প্রয়োজনীয় সহযোগীদের নিয়ে ইরানের মূল প্রতিনিধিদলকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছে মার্কিন প্রশাসন। তবে গত বছরের মতো এবারও প্রতিনিধিদলের সদস্যদের চলাচল ও কেনাকাটার ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ বহাল থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানি প্রতিনিধিদলের সদস্যরা বিলাসপণ্যসহ নির্দিষ্ট কিছু পণ্য কিনতে পারবেন না। রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনেও ইরানি প্রতিনিধিদলের ওপর ভ্রমণ ও কেনাকাটায় বিধিনিষেধ থাকার বিষয়টি উঠে এসেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরই মধ্যে প্রতিনিধিদলের সদস্য হিসেবে রবিবার সন্ধ্যায় তেহরান ছাড়েন। নিউইয়র্ক যাওয়ার পথে তার কাতারে যাত্রাবিরতি করার কথা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, পেজেশকিয়ান, আরাগচি ও প্রয়োজনীয় সহযোগীদের নিয়ে সীমিত আকারের ইরানি প্রতিনিধিদল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে পারবে।

এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ইরান জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহন পুনরায় চালুর বিষয়ে শর্ত দেওয়া হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন কার্যত বাধাগ্রস্ত রয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রপথে বিশ্বব্যাপী পরিবহন হওয়া জ্বালানির প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে যায়। ফলে এই নৌপথ ঘিরে অস্থিরতা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রও পালটা অবরোধ আরোপ করেছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পেজেশকিয়ানের অংশগ্রহণ দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের একটি সুযোগ তৈরি করলেও সামগ্রিক উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন