সৌদিতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
সংগৃহীত ছবি
সৌদি আরবের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। নিহত সাতজন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যে এক দম্পতি, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অপর গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় বিপরীত দিক থেকে আসা অন্য গাড়িটির সাথে সংঘর্ষ হয়। আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়কটি আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পথ।
দুর্ঘটনার খবর পেয়ে সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। গাড়ির ভেতরে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে তারা কাজ করেন। তবে নিহতদের পরিচয় এবং গাড়িটি কেন হঠাৎ দিক পরিবর্তন করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
সৌদি আরবের ২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশের বেশি কমেছে। নিরাপদ দূরত্ব না রাখা এবং হঠাৎ দিক পরিবর্তনকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে নিরাপদ দূরত্ব না রাখার হার ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তনের হার ২৭ দশমিক ৯ শতাংশ।
সৌদি কর্তৃপক্ষের দাবি, উন্নত সড়ক অবকাঠামো, ট্রাফিক নজরদারিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দ্রুত জরুরি সেবা চালুর ফলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে। তবে আল-আহসার সর্বশেষ দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তায় এখনো বিদ্যমান ঝুঁকির বিষয়টি সামনে এনেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)