Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইমরান খানের তিন বোন আটক করল পিটিআই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ এএম

ইমরান খানের তিন বোন আটক করল পিটিআই

সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রবিবার লাহোরের ডেপুটি কমিশনারের নির্দেশে ইমরানের বোন আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক করা হয়। পরে উজমা খান ও নরিন নিয়াজিকেও সন্তানসহ আটক করা হয়েছে বলে পিটিআই ও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। 

লাহোর প্রশাসনের আদেশ অনুযায়ী, আলিমা খানকে পাঞ্জাবের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত আইনের (MPO) আওতায় আটক করা হয়েছে। পরে তাকে কোট লাখপত কারাগারে নেয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে তার আটকের কারণ হিসেবে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

অন্যদিকে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আকরাম দাবি করেছেন, উজমা খান ও নরিন নিয়াজিকে তাদের সন্তানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে একটি সাঁজোয়া যানযোগে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। ইমরানের ছেলে কাসিম খানও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিযোগ করেছেন। তবে তাদের আটকের কারণ ও অবস্থান নিয়ে স্পষ্ট কোনো সরকারি তথ্য প্রকাশিত হয়নি বলে তিনি দাবি করেন।

ঘটনার নিন্দা জানিয়ে পিটিআই এটিকে মৌলিক অধিকার লঙ্ঘন ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেছে। দলটি আলিমা খানসহ আটক ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছে। 

এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর পাকিস্তানজুড়ে বিক্ষোভ এবং ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে পিটিআই। ইমরান খানের মুক্তি এবং সংবিধানের প্রাধান্য প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। এর এক সপ্তাহ আগে ইমরানের পরিবারের সদস্যদের আটকের ঘটনা পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনাকে আরও সামনে নিয়ে এসেছে।

মন্তব্য করুন