যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে যাবে না হুথিরা: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইয়েমেনের হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে না যাওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনের সাথে হুথিদের নিয়মিত যোগাযোগও রয়েছে।
রবিবার ফক্স নিউজকে দেয়া বক্তব্যে ট্রাম্পের এ দাবি সামনে আসে। ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট জানান, ট্রাম্প বলেছেন, হুথিরা যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়াতে চায় না এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধেও পদক্ষেপ না নেয়ার বিষয়ে তারা যোগাযোগ করেছে।
এর আগে ১২ সেপ্টেম্বর আয়ারল্যান্ড সফরের সময়ও ট্রাম্প বলেছিলেন, হুথিরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে তারা সংঘাতে যেতে চায় না এবং ওয়াশিংটনের সামরিক পদক্ষেপও চায় না। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ওমানে মার্কিন কর্মকর্তাদের সাথে হুথি প্রতিনিধিদের বৈঠকও হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
ট্রাম্পের সর্বশেষ বক্তব্য এমন সময়ে এলো, যখন সৌদি আরব হুথিদের হামলার মুখে রয়েছে। শনিবার রিয়াদে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে হুথিরা। একই সময়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সৌদি সমর্থিত সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় হুথিদের অগ্রগতির খবরও পাওয়া যাচ্ছে।
এদিকে ইরান পরিস্থিতি নিয়েও ট্রাম্প নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নিয়ে তিনি এখন সিদ্ধান্ত নেয়ার পর্যায়ে রয়েছেন। ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে সাংবাদিক ট্রে ইয়িংস্ট জানান, অদূর ভবিষ্যতে বড় ধরনের কিছু ঘটতে পারে। তবে ইরান নিয়ে পরবর্তী মার্কিন পদক্ষেপ কী হবে, তা এখনো স্পষ্ট নয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)