ইয়েমেনে সরকারি বাহিনীর সাথে সংঘর্ষে নিহত ৮০ হুথি যোদ্ধা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ এএম
সংগৃহীত ছবি
ইয়েমেনের মারিব শহরের কাছে সরকারি বাহিনী ও হুথি যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ৮০ জন হুথি সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনি সেনাবাহিনী। গত ২৪ ঘণ্টায় মারিবের আশপাশের বিভিন্ন অবস্থানে এ সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।
ইয়েমেনের উত্তর-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের রাজধানী মারিব সিটির বাইরে সরকারি বাহিনীর অভিযানের মুখে হুথি যোদ্ধারা কয়েকটি অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন সামরিক কর্মকর্তা আল-হাতেমি।
এদিকে শনিবার রাজধানী সানা, আমরান, হোদেইদা ও হুথি নিয়ন্ত্রিত অন্যান্য এলাকায় অন্তত ৫০ জন যোদ্ধার জানাজা অনুষ্ঠিত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের যুদ্ধক্ষেত্রে নিহত হওয়ার দাবি করা হয়েছে।
আল-হাতেমির দাবি, হুথি গোষ্ঠী প্রকাশ্যে যে সংখ্যক নিহতের কথা স্বীকার করছে, তা প্রকৃত হতাহতের তুলনায় অনেক কম। তার দাবি অনুযায়ী, প্রতিদিন ৩০০ থেকে ৫০০ জন পর্যন্ত হুথি যোদ্ধা নিহত হচ্ছেন। তবে এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
সংঘর্ষের পর মারিব শহরের পশ্চিমে অবস্থিত নোমান পাহাড়ের নিয়ন্ত্রণ নেয়ার কথাও জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। পার্বত্য এলাকায় হুথিদের সাথে লড়াইয়ের পর ওই অবস্থান দখলে নেয়া হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)