Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় ৪৫ বিলিয়ন ডলার ছাড়াল

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

ইরান যুদ্ধে আমেরিকার ব্যয় ৪৫ বিলিয়ন ডলার ছাড়াল

ইরানের সাথে যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট সামরিক ব্যয় ৪ হাজার ৫১০ কোটি বা সাড়ে ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মার্কিন কংগ্রেসকে দেয়া এক হিসাবে পেন্টাগন এ তথ্য জানিয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সিএনএন এক প্রতিবেদনে প্রকাশ করেছে।

সূত্র জানায়, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই সংঘাতে ব্যয় হয়েছিল ৪ হাজার ৩৬০ কোটি ডলার। এর সঙ্গে অতিরিক্ত জ্বালানি বাবদ আরও ১৫০ কোটি ডলার যুক্ত হয়ে মোট ব্যয় ৪ হাজার ৫১০ কোটি ডলারে পৌঁছেছে। তবে এই হিসাবকে যুদ্ধের চূড়ান্ত বা পূর্ণাঙ্গ চিত্র বলা যাচ্ছে না। কারণ ক্ষতিগ্রস্ত মার্কিন ঘাঁটি ও স্থাপনা মেরামতের খরচ এবং বহু পরোক্ষ সামরিক ব্যয়ের হিসাব এই খতিয়ানে রাখা হয়নি।

পেন্টাগনের এই সংশোধিত হিসাব কংগ্রেসের বাজেট কার্যালয়ের (সিবিও) আগের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। এর আগে ১ আগস্ট পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩ হাজার ৮০০ কোটি ডলার হতে পারে বলে ধারণা করেছিল সিবিও। জুলাইয়ে পেন্টাগনের হিসাব ছিল ৩ হাজার ৭৫০ কোটি ডলার। মূলত যুদ্ধাস্ত্র ব্যবহারের কারণেই ব্যয়ের বড় অংশ তৈরি হয়েছে।

বাজেট কার্যালয়ের পূর্বাভাস অনুযায়ী, সংঘাত চলমান থাকলে আগস্টের পর থেকে প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। লড়াইয়ের তীব্রতা বাড়লে মাসিক এই ব্যয়ের মাত্রা আরো ঊর্ধ্বমুখী হওয়ার শঙ্কা রয়েছে।

এদিকে দীর্ঘায়িত যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতেও। সিবিওর তথ্য অনুযায়ী, আগামী ২০২৭ সালের প্রথম প্রান্তিকে ইরান সংঘাতে দেশটিতে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে- যা এমন এক সময়ে সামনে এল যখন মার্কিন নাগরিকদের মধ্যে অর্থনীতি নিয়ে উদ্বেগ তুঙ্গে।

মন্তব্য করুন