Logo
×

Follow Us

আন্তর্জাতিক

গাজার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এড শিরান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

গাজার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন এড শিরান

ব্রিটিশ পপ তারকা এড শিরান।

গাজায় চলমান পরিস্থিতিকে ‘ভয়াবহ, অন্যায় ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। সফরসঙ্গী শিল্পী ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেয়া নিয়ে বিতর্কের পর শনিবার প্রথমবারের মতো কনসার্টে প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন তিনি।

ফিলাডেলফিয়ার কনসার্টে মঞ্চে ওঠার সময় শিরান বলেন, গাজায় যা ঘটছে তা ভয়াবহ, অন্যায্য, অযৌক্তিক ও মাত্রাতিরিক্ত। একই অনুষ্ঠানে নিজের কিছু সিদ্ধান্ত নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। তার বক্তব্যের পর দর্শকদের একাংশ করতালি ও উল্লাসে সাড়া দেয়।

ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেয়ার সিদ্ধান্তে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে শিরান আগে জানিয়েছিলেন, এ সিদ্ধান্ত সফরের আয়োজক বা প্রচারকারী প্রতিষ্ঠানের। নিউ জার্সির একটি কনসার্টে ম্যাকলমোর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। এরপর সফরের কয়েকজন সহযোগী শিল্পীও সরে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানান।

ম্যাকলমোরকে প্রকাশ্যে সমর্থন না করায় শিরানের সমালোচনা করেন কিছু ব্যক্তি। তাদের অভিযোগ, স্টেডিয়াম মালিকদের চাপের কারণেই তিনি ম্যাকলমোরের পাশে দাঁড়াননি। এ ঘটনায় শিরানের কনসার্ট বয়কটের আহ্বানও জানানো হয়।

শনিবারের কনসার্টের আগে ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডের বাইরে কয়েক ডজন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী জড়ো হন। ফিলিস্তিনি পতাকা নিয়ে তারা ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। পুলিশ দূর থেকে ওই শান্তিপূর্ণ সমাবেশ পর্যবেক্ষণ করে।

এদিকে শিরানের কনসার্টে না গিয়ে বিক্ষোভে অংশ নেয়া ব্রাউন ইউনিভার্সিটির ১৮ বছর বয়সী শিক্ষার্থী ব্র্যান্ডন আতে অভিযোগ করেন, ম্যাকলমোরকে নীরব করার ঘটনায় শিরানও জড়িত। তবে কনসার্টে আসা অন্য কয়েকজন দর্শক জানান, বিতর্ক নিয়ে দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত তারা সংগীত উপভোগ করতেই অনুষ্ঠানে এসেছেন।

এর আগে ইনস্টাগ্রামে শিরান বলেছিলেন, গাজা সংঘাত নিয়ে তাঁর ব্যক্তিগত মতামত রয়েছে। প্রকাশ্যে সবসময় কথা না বলার অর্থ তার কোনো মতামত নেই—এমন নয় বলেও জানান তিনি। একই সাথে তার কনসার্টকে রাজনৈতিক ফোরাম হিসেবে না দেখার আহ্বান জানান।

ফিলিস্তিন ক্যাম্পেইন ফর দ্য অ্যাকাডেমিক অ্যান্ড কালচারাল বয়কট অব ইসরাইল (পিএসিবিআই) শিরানের বিশ্ব সফর বয়কটের আহ্বান জানিয়েছে। এদিকে সফর থেকে সরে দাঁড়ানোদের মধ্যে তার ব্যাকিং ব্যান্ডের সদস্য এবং সংগীতশিল্পী ফিনিয়াসও রয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ ও ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আন্তর্জাতিক বিনোদন অঙ্গনেও বিতর্ক ও প্রকাশ্য মতপ্রকাশ বেড়েছে। বিভিন্ন সংগীত পুরস্কার অনুষ্ঠান ও ইউরোপের চলচ্চিত্র উৎসবেও বিষয়টি আলোচনায় এসেছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরাইলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৩ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়টি হামাস নিয়ন্ত্রিত হলেও জাতিসংঘ এর প্রকাশিত পরিসংখ্যানকে নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করে। শনিবার গাজার কর্তৃপক্ষ জানিয়েছে, সর্বশেষ ইসরাইলি গোলাবর্ষণে অন্তত চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে।

মন্তব্য করুন