Logo
×

Follow Us

আন্তর্জাতিক

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের সতর্কতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

সৌদিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন নাগরিকদের সতর্কতা

সংগৃহীত ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদসহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার (২০ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, শনিবার রিয়াদের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের এক মুখপাত্র জানান, রিয়াদ ছাড়াও বিশ, তাইফ, ফারাসান ও ইয়ানবু এলাকায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো কয়েকটি হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। হামলার পর রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংক এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিস্ফোরণ ও ধোঁয়ার কারণে সেখানে সাময়িকভাবে বিমান চলাচলও ব্যাহত হয়।

হুথিদের হামলার মুখে শনিবার প্রথমবারের মতো রিয়াদে বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া আল-সারিয়া দাবি করেন, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইয়ানবুতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর স্থাপনা লক্ষ্য করে বিপুলসংখ্যক ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

হুথিদের দাবি, সৌদি আরবের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের জবাব হিসেবেই এসব হামলা চালানো হয়েছে। গত এক সপ্তাহে ইয়েমেনে প্রায় ৩০০টি সৌদি বিমান হামলা হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি। একই সময়ে সৌদি লক্ষ্যবস্তুতে হামলা বাড়ানোর পাশাপাশি একটি সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে তারা।

এদিকে সংঘাতের ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, বিমানবন্দর ও তেল অবকাঠামোতে হামলার কারণে বেসামরিক ফ্লাইট বাতিল বা সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে।

অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সৌদি আরবসহ আশপাশের দেশগুলোতে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য মার্কিন নাগরিকদের পরামর্শ দেয়া হয়েছে।

মন্তব্য করুন