Logo
×

Follow Us

আন্তর্জাতিক

বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

বাব আল-মান্দেবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি

ছবিঃ আল জাজিরা

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো জানিয়েছেন, এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রোম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ক্রোসেতো বলেন, বাব আল-মান্দেব দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে ইতালির প্রয়োজনীয় সামরিক সক্ষমতা রয়েছে। এই নৌপথ বন্ধ হয়ে গেলে এর প্রভাব অর্থনীতিতে গুরুতর হতে পারে বলেও সতর্ক করেন তিনি। ইউরোপীয় পর্যায়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় পরিস্থিতি আরও জটিল হওয়ার আগেই ইতালির পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করা বাব আল-মান্দেব ইউরোপ-এশিয়া বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। সুয়েজ খালের সাথে সংযুক্ত এই রুট দিয়ে তেল, গ্যাস ও কনটেইনারবাহী বিপুলসংখ্যক জাহাজ চলাচল করে। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ৩০ কিলোমিটার। ঐতিহাসিকভাবে বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২ থেকে ১৫ শতাংশ এই পথ ব্যবহার করেছে।

ইয়েমেনের পশ্চিম উপকূলে হুতিদের সাম্প্রতিক অগ্রগতির পর বাব আল-মান্দেবের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বেড়েছে। কৌশলগত পেরিম দ্বীপসহ প্রণালিসংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ওপর হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ফলে নৌপথটির নিরাপত্তা পরিস্থিতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় ইতালি ইতোমধ্যে ইইউর অ্যাসপিডেস (Aspides) মিশনে অংশ নিচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে রোম পৃথক একটি নৌ মিশন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। দেশটির মোট বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ সুয়েজ খালের ওপর নির্ভরশীল হওয়ায় বাব আল-মান্দেবের নিরাপত্তা ইতালির জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

হুতিদের সাম্প্রতিক অগ্রগতির কারণে সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প নৌপথ হিসেবেও বাব আল-মান্দেবের গুরুত্ব বেড়েছে। ফলে কৌশলগত এই প্রণালির নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগও আরও জোরালো হয়েছে।

মন্তব্য করুন