রুশ নিষেধাজ্ঞা আইনে ট্রাম্পের সই, চাপে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাক্ষরের পর ‘লিন্ডসি ও. গ্রাহাম রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আইন, ২০২৬’ কার্যকর হওয়ার পথ তৈরি হয়েছে। নতুন আইনে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলোর পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ রাখা হয়েছে। এতে রাশিয়ার অন্যতম বড় জ্বালানি ক্রেতা ভারত ও চীনও সম্ভাব্যভাবে প্রভাবিত হতে পারে।
নতুন আইনের আওতায় রাশিয়ার অপরিশোধিত তেল বা প্রাকৃতিক গ্যাসের শীর্ষ পাঁচ ক্রেতা দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেয়া হয়েছে। তবে রাশিয়ার গ্যাস আমদানির ক্ষেত্রে কিছু ছাড়ের বিধান রয়েছে। কোনো দেশ নির্ধারিত সময়ে রাশিয়ার মোট গ্যাস রপ্তানির ১৫ শতাংশের কম আমদানি করলে এবং রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমাতে উল্লেখযোগ্য পদক্ষেপ নিলে গ্যাস-সংক্রান্ত শুল্ক থেকে ছাড় পাওয়ার সুযোগ থাকবে।
আইনে রাশিয়ার সরকারি কর্মকর্তা, ব্যাংক ও জ্বালানি পরিবহনে ব্যবহৃত তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারের বিরুদ্ধেও নিষেধাজ্ঞার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি রাশিয়ার জ্বালানি বাণিজ্য ও বিদ্যমান নিষেধাজ্ঞা এড়িয়ে চলার সাথে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করার সুযোগ রয়েছে।
নিষেধাজ্ঞা ও শুল্ক বাস্তবায়নের ক্ষেত্রে ট্রাম্পকে ব্যাপক ক্ষমতা দিয়েছে আইনটি। কোন দেশের ওপর শুল্ক আরোপ হবে, এর হার কত হবে এবং কোনো নিষেধাজ্ঞা থেকে ছাড় দেয়া হবে কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ প্রেসিডেন্টের হাতে রাখা হয়েছে। আইনটি স্বাক্ষরের ৩০ দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা।
এর আগে বিলটি মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই পাস হয়। সিনেটে ৮৬-১১ ভোটে এবং প্রতিনিধি পরিষদে ২৬২-১৫৯ ভোটে অনুমোদন পাওয়ার পর প্রেসিডেন্টের স্বাক্ষরে এটি আইনে পরিণত হয়।
প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহামের নামে আইনটির নামকরণ করা হয়েছে। রাশিয়ার জ্বালানি খাত থেকে আয় কমানো এবং ইউক্রেন যুদ্ধ পরিচালনায় মস্কোর অর্থনৈতিক সক্ষমতার ওপর চাপ বাড়ানোই নতুন ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য। আইনটির খসড়া তৈরির সাথে সিনেটর রিচার্ড ব্লুমেনথালও যুক্ত ছিলেন। একই সাথে ইরানের ওপর বিদ্যমান কিছু নিষেধাজ্ঞাও আইনের মাধ্যমে বহাল রাখা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)