ফিলিপাইনে হাইস্কুলে গুলিতে ৬ শিক্ষার্থী নিহত, আহত ১৭
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি: আনাদোলু এজেন্সি
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ৬ শিক্ষার্থী নিহত এবং আরো ১৭ জন আহত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সাউথ কোটাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে এই হামলার ঘটনা ঘটে।
আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, ফিলিপাইনের সমাজকল্যাণ ও উন্নয়ন বিভাগের বরাতে হতাহতের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সন্দেহভাজন হামলাকারী শিক্ষার্থীও রয়েছে বলে জানা গেছে।
বন্দুক হামলার পরপরই বাঙ্গা শহরের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা দপ্তর।
ঘটনার তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে স্কুল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথভাবে কাজ করছে শিক্ষা বিভাগ। এক বিবৃতিতে শিক্ষা বিভাগ জানায়, ‘শিক্ষার্থী, শিক্ষক ও স্কুলের কর্মীদের নিরাপত্তাই এখন আমাদের প্রধান অগ্রাধিকার।’ ক্ষতিগ্রস্ত ও প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মানসিক ধাক্কা সামলে উঠতে সহায়তার ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানানো হয়। একই সাথে তদন্ত চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বিভ্রান্তিকর বা অসত্য তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে গত ১৮ আগস্ট দক্ষিণ ফিলিপাইনের আতেনিও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ে গোলাগুলির ঘটনায় বন্দুকধারী শিক্ষার্থীসহ দুজন শিক্ষার্থী নিহত হয়েছিল। সেই ঘটনার এক মাস পরই শুক্রবারের এই হামলার ঘটনাটি ঘটল।
সর্বশেষ এই গোলাগুলির সম্ভাব্য কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)