পেজেশকিয়ানসহ ইরানি কর্মকর্তাদের ভিসা দিল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী সপ্তাহে নিউইয়র্কে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠক। এতে ইরানের মূল প্রতিনিধি দলকে অংশ নেয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, জাতিসংঘের সদর দপ্তরের আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দায়িত্বের সাথে সামঞ্জস্য রেখেই ইরানি প্রতিনিধিদের অধিবেশনে অংশ নেয়ার সুযোগ দেয়া হচ্ছে।
তবে নিউইয়র্ক সফরে ইরানি প্রতিনিধি দলের ওপর বেশ কিছু বিধিনিষেধ থাকবে। গত বছরের তুলনায় এবার তাদের প্রতিনিধি দলের সদস্যসংখ্যা কম রাখা হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে চলাচলের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ এবং বিলাসবহুলসহ বিভিন্ন পণ্য কেনার ওপর বিদ্যমান নিষেধাজ্ঞাও কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক উত্তেজনা ও সংঘাতের মধ্যেই ইরানি কর্মকর্তাদের নিউইয়র্ক সফরের অনুমতি দেয়া হলো। জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত হওয়ায় সদস্য দেশগুলোর প্রতিনিধিদের সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আয়োজক দেশটির আন্তর্জাতিক দায়িত্ব রয়েছে।
অন্যদিকে একই অধিবেশনে অংশ নিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলওর কর্মকর্তাদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।
ভিসা না পাওয়ায় মাহমুদ আব্বাস সরাসরি নিউইয়র্কে গিয়ে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দিতে পারবেন না। জাতিসংঘ জানিয়েছে, তাকে ভিডিও সংযোগের মাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছে এএফপি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)