সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
ছবিঃ রয়টার্স
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিজ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা থাকলে তা পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে দেশটিকে লেভেল-৩ সতর্কতার আওতায় রেখেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আলজাজিরার প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
সতর্কবার্তায় সৌদি আরবে মার্কিন স্বার্থ ও স্থাপনা লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইন নিয়েও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সৌদি আরবের সব এলাকায় ঝুঁকির মাত্রা একই নয়; কিছু অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি তুলনামূলক বেশি।
এদিকে সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেনের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য আগের লেভেল-৪ সতর্কতা বহাল রয়েছে। অর্থাৎ ইয়েমেনে ভ্রমণ না করার পরামর্শই এখনো কার্যকর রেখেছে যুক্তরাষ্ট্র।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)