Logo
×

Follow Us

আন্তর্জাতিক

দীর্ঘ যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

দীর্ঘ যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার

দি ইন্দিয়ান এক্সপ্রেস

ইরানকে ঘিরে দীর্ঘস্থায়ী সংঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রের মজুতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ আক্রমণাত্মক অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় মার্কিন সামরিক বাহিনী সরবরাহ সংকটের মুখে পড়তে পারে বলে জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাত সপ্তম মাসে প্রবেশের পর অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। আঞ্চলিক মার্কিন ঘাঁটি ও মিত্রদের সুরক্ষায় ব্যবহৃত প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্রের ওপর সবচেয়ে বেশি চাপ পড়েছে।

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থার মজুতের এক-তৃতীয়াংশের কিছু বেশি অবশিষ্ট রয়েছে। একই সময়ে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক ব্যবহার হয়ে গেছে।

আক্রমণাত্মক অস্ত্রের ক্ষেত্রেও একই ধরনের চাপ দেখা দিয়েছে। সংঘাতের বিভিন্ন পর্যায়ে টমাহক, জয়েন্ট এয়ার-টু-সারফেস স্ট্যান্ডঅফ মিসাইল এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মতো উন্নত অস্ত্র ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

ঘাটতি মোকাবিলায় অস্ত্র উৎপাদন বাড়াতে মার্কিন প্রশাসন প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সাথে নতুন চুক্তি করেছে। তবে বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত আগের পর্যায়ে ফিরিয়ে নিতে অন্তত দুই বছর সময় লাগতে পারে।

সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাদের আশঙ্কা, অস্ত্রের মজুত কমে গেলে দেশটির সামরিক সক্ষমতা ও প্রতিরোধ ক্ষমতায় প্রভাব পড়তে পারে। বিশেষ করে একই সময়ে একাধিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে অস্ত্রের এই ঘাটতি কৌশলগত ঝুঁকি বাড়াতে পারে।

তবে অস্ত্রের ঘাটতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন মাত্রায় অস্ত্র উৎপাদন করছে এবং প্রয়োজনের তুলনায় দেশটির হাতে পর্যাপ্তের চেয়েও বেশি অস্ত্র রয়েছে।

অন্যদিকে সিএসআইএসসহ বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অস্ত্রভাণ্ডারে যে চাপ তৈরি হয়েছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হলেও নতুন অস্ত্র তৈরি এবং মজুত পুনর্গঠনে সময় লাগবে।

মন্তব্য করুন