Logo
×

Follow Us

আন্তর্জাতিক

অবরোধের প্রভাবে হরমুজে ১০০ জাহাজের পথ বদল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ এএম

অবরোধের প্রভাবে হরমুজে ১০০ জাহাজের পথ বদল

সংগৃহীত ছবি

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের অবরোধের প্রভাবে গত ৬০ দিনে প্রায় ১০০টি বাণিজ্যিক জাহাজ বিকল্প পথে চলাচল করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। শনিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরানকে ঘিরে ‘স্টিল ওয়াল অবরোধ’ পুনরায় কার্যকর করা হয়েছে।

সেন্টকমের দাবি, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো জাহাজ ওই অবরোধ অতিক্রম করতে পারেনি। মার্কিন বাহিনী পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে চলতি সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। জাহাজের গতিবিধি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মাত্র সাতটি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। এর আগের দিন ১১টি জাহাজ চলাচল করেছিল। গত ১০ দিনের হিসাবে প্রতিদিন গড়ে ১৫টি জাহাজ এই জলপথ ব্যবহার করেছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর ইরানের আরোপিত বিধিনিষেধের কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথের চলাচল অনেকাংশে ব্যাহত রয়েছে।

গত ১৮ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হওয়ার পর সাময়িকভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়েছিল। তবে পরবর্তী সময়ে সামরিক উত্তেজনা বাড়লে আবারও নৌপথটি কার্যত বন্ধ হয়ে যায়।

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বক্তব্যেও পার্থক্য রয়েছে। তেহরানের দাবি, প্রণালিটি এখনো ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, হরমুজ প্রণালি ‘খোলা ও সচল’ রয়েছে।

মন্তব্য করুন