হুতিদের হাতে ৫৪০০ বর্গকিলোমিটার এলাকা: হুতি মুখপাত্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি আরব-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সাফল্য পাওয়ার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী। সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, হুদাইদাহ ও তাইজ প্রদেশের প্রায় ৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং সৌদি-সমর্থিত বাহিনীর শত শত সদস্য নিহত ও আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) টেলিভিশনে দেয়া এক বক্তব্যে ইয়াহিয়া সারি এসব দাবি করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদনে তার বক্তব্য তুলে ধরা হয়েছে।
হুতি মুখপাত্রের দাবি, ইয়েমেনি সেনা ও ‘পপুলার কমিটি’র মিত্র যোদ্ধারা দুই প্রদেশের ছয়টি জেলা থেকে সৌদি-সমর্থিত বাহিনীকে সরিয়ে দিয়েছে। অভিযানে সৌদি-সমর্থিত বাহিনীর সাতটি ডিভিশন পরাজিত হয়েছে, যেগুলোর অধীনে ছিল ৩৮টি ব্রিগেড। এ সময় বহু যোদ্ধা নিহত ও আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।
সারি আরও বলেন, সৌদি-সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা কয়েকটি বন্দীশালা থেকে অমানবিক পরিবেশে আটক বিপুলসংখ্যক বন্দিকেও মুক্ত করা হয়েছে।
হুতিদের বিমান প্রতিরক্ষা ইউনিট ৩২টি অভিযান চালিয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে সৌদি বাহিনীর অনুপ্রবেশকারী নয়টি বিমান শনাক্ত করে ভূপাতিত করা হয়েছে। একই সাথে নিহত ও দায়িত্ব পালনরত হুতি সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের প্রশংসা করেন তিনি।
লোহিত সাগরে জাহাজ চলাচল নিয়েও অবস্থান স্পষ্ট করেছেন হুতি মুখপাত্র। তিনি বলেন, সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব জাহাজের জন্য এ পথে চলাচল অব্যাহত রয়েছে। সৌদি পণ্যবাহী জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধও কার্যকর থাকবে।
ইয়াহিয়া সারি হুঁশিয়ার করে বলেন, ইয়েমেনের ওপর আগ্রাসন ও অবরোধ পুরোপুরি বন্ধ না হলে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি অব্যাহত থাকবে। এ অবস্থায় সৌদি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে এবং আগ্রাসন বাড়লে পাল্টা হামলার পরিধিও বাড়ানো হবে।
চলতি বছরের ২০ জুলাই হুতি নিয়ন্ত্রিত সানা সরকার ইয়েমেনের ওপর চলমান অবরোধের জবাবে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার কথা জানায়। এরপর থেকে লোহিত সাগরে সৌদি-সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে একাধিক হামলা চালানোর দাবি করে আসছে হুতিরা।
এর আগে ২০১৫ সালের মার্চে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে এবং দেশটির ওপর অবরোধ আরোপ করে। দীর্ঘস্থায়ী এই সংঘাতে হাজার হাজার ইয়েমেনি নিহত হয়েছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)