সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তরুণ সমাজকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে তরুণদের প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানস্থল থেকে অনলাইনে দেশের বিভিন্ন জেলার স্কাউটস, বিএনসিসি, গার্লস গাইড, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণদের সাথে যুক্ত হন তিনি।
তরুণ সমাজের বিশাল শক্তির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশে স্কাউটসের সদস্য প্রায় ২৩ লাখ এবং বিএনসিসির সদস্য ২২ হাজার। পাশাপাশি হাইস্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় দেড় কোটি এবং প্রাথমিক পর্যায়ে প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। এত বিপুলসংখ্যক তরুণ ও শিক্ষার্থী দেশ পুনর্গঠনের কাজে একযোগে যুক্ত হলে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের বড় একটি অংশ তরুণ জনগোষ্ঠী। তারা পরিবর্তনের সিদ্ধান্ত নিলে সেই পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজ তাদের পরিবর্তন আনার সক্ষমতা দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্দেশ্য তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী তিন মাস ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হবে। শতভাগ সাফল্য অর্জন সম্ভব না হলেও অন্তত ৮০ শতাংশ সফলতা পাওয়ার আশা প্রকাশ করেন তিনি। তার মতে, ভাঙা পাত্র, প্লাস্টিকের সামগ্রী ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার বংশবিস্তার ঘটে। এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে বড় কোনো কঠিন কাজের প্রয়োজন নেই। প্রত্যেকে সপ্তাহে মাত্র এক ঘণ্টা নিজের বাসা, স্কুল, কলেজ কিংবা কর্মস্থলের আশপাশ পরিষ্কার করলেই পরিচ্ছন্নতা কার্যক্রমে বড় পরিবর্তন আনা সম্ভব। একই সঙ্গে যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকতে অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
ময়লা-আবর্জনা থেকে রোগজীবাণু ছড়িয়ে পরিবারের সদস্য ও আপনজনরাই ক্ষতিগ্রস্ত হতে পারেন বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন সমাজ এবং পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে উপস্থিত তরুণদের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করার শপথ পড়ান তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)