Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কঙ্গোতে আগুনে নিহত ২৯, অধিকাংশই শিক্ষার্থী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

কঙ্গোতে আগুনে নিহত ২৯, অধিকাংশই শিক্ষার্থী

ছবিঃ রয়টার্স

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৯ জন। তাদের মধ্যে ২১ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বুকাভুর চিমপুন্ডা এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুটি স্কুল ও একটি আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনে প্রায় ৩০০টি কাঠের ঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাতিসংঘ পরিচালিত রেডিও ওকাপির তথ্য অনুযায়ী, আগুন উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। পাশাপাশি কাছের একটি বসতিও আগুনে ক্ষতিগ্রস্ত হয়। আগুনের বিস্তারের পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করেন। এ সময় পদদলনের ঘটনাও ঘটে এবং এতে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা প্যাট্রিস বুদুগে। শ্বাসকষ্টে আক্রান্ত বেশ কয়েকজন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। আরও কয়েকজন নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে রয়টার্সকে বলেন, দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় ৩০০টি কাঠের ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লরেন্স কানিউকা আরও জানান, আহত ২৯ জনকে স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ২১ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। গুরুতর আহত ১৭ জনকে কাদুতু জেনারেল হাসপাতালে এবং চারজনকে বুকাভু প্রভিন্সিয়াল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে দেশটির রাজধানী কিনশাসাভিত্তিক সরকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তবে সরকারের ওই বিবৃতিতে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি।

জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিস্থিতি মূল্যায়নের নির্দেশ দেয়া হয়েছে। দ্রুত যাতে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর আগে গত সপ্তাহের শেষ দিকে রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানস্থলে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট পদদলনের ঘটনায়ও কয়েকজনের মৃত্যু হয়েছিল। পরপর দুটি দুর্ঘটনার পর জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার এবং নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ দল মোতায়েনের নির্দেশ দিয়েছে কঙ্গো সরকার।

মন্তব্য করুন