Logo
×

Follow Us

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের দাবি ইরানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ এএম

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের দাবি ইরানের

ছবিঃ আল জাজিরা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ রয়েছে বলে দাবি করেছে ইরান। একই সাথে জলপথটির আশপাশে শিগগিরই একটি ‘রেস্ট্রিক্টেড জোন’ বা নিয়ন্ত্রিত এলাকা ঘোষণা করার কথা জানিয়েছে তেহরান।

ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে নতুন এই নিয়ন্ত্রিত এলাকার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, এলাকাটি মার্কিন নৌবাহিনীর অবরোধ রেখা থেকে উপসাগরীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হবে।

রেজাই সতর্ক করে বলেন, নির্ধারিত নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশকারী যেকোনো জাহাজকে ইরানের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হবে। পরবর্তীতে তেহরানের অনুমতি ছাড়া এসব জাহাজকে হরমুজ প্রণালি ব্যবহারের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

ইরানি এই কর্মকর্তার দাবি, বর্তমানে প্রতিদিন মাত্র সাত থেকে আটটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করছে। মার্কিন বাহিনী ওমানের কাছাকাছি জলসীমা দিয়ে মাঝে মাঝে পাঁচ থেকে ছয়টি জাহাজকে এসকর্ট করে পার করার চেষ্টা করলেও সেগুলো হামলার মুখে পড়ে এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে না বলে দাবি করেন তিনি।

তবে ইরানের বক্তব্যের সাথে ভিন্ন তথ্য দিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালি দিয়ে অন্তত ৫৯টি জাহাজ নিরাপদে চলাচল করেছে। একই সাথে জলপথটির নিরাপত্তা পরিস্থিতিকে ‘মারাত্মক’ ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।

সামরিক উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতার কথাও তুলে ধরেছেন মোহসেন রেজাই। তার দাবি, প্রায় ৪৮ ঘণ্টা আগে প্রথমবারের মতো দেশীয় প্রযুক্তিতে তৈরি রণতরি থেকে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে পরীক্ষা চালিয়েছে ইরান।

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করার চেষ্টা করেছেন রেজাই। তার দাবি, সম্ভাব্য সংকট মোকাবিলায় ইরানে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি বিশ্ববাজারে তেল বিক্রি এবং সেই অর্থ সংগ্রহের প্রক্রিয়াও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন