Logo
×

Follow Us

আন্তর্জাতিক

মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

মায়ামি বিমানবন্দরে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান দুর্ঘটনার শিকার হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে একাধিক যানবাহনে আঘাত করে। পরে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার খবর জানিয়েছে বিবিসি।

মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভাইন কাভা জানান, টুয়েন্টিওয়ান এয়ারের ফ্লাইট ৭৯৫৮ অ্যামাজনের প্রাইম এয়ারের হয়ে পরিচালিত হচ্ছিল। পুয়ের্তো রিকোর সান জুয়ান থেকে ছেড়ে আসা বোয়িং ৭৬৭-৩০০ উড়োজাহাজটি অবতরণের সময় রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায় এবং কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়।

মায়ামি-ডেড ফায়ার রেসকিউ প্রধান রে জাদ্দাল্লাহ বলেন, দুর্ঘটনায় মোট ১০ জন হতাহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। অপর দুই আহতকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের ৬০টির বেশি ইউনিট কাজ করে। ঘটনাস্থলে ব্যাপক উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিকে দুর্ঘটনার পর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ফ্লাইটগুলোর জন্য গ্রাউন্ড স্টপ জারি করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বিমানবন্দরের সব রানওয়ে ও ট্যাক্সিওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

কার্গো বিমান দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। অ্যামাজনও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন