ইরানে ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
ছবিঃ রয়টার্স
ইরানের পশ্চিমাঞ্চলে জ্বালানি বহনকারী একটি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্যের বরাত দিয়ে এ দুর্ঘটনার খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্ঘটনার পর ট্যাংকারে আগুন ধরে গেলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন সানান্দাজ শহরের গভর্নর।
কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে দুর্ঘটনায় ১০ জনের হতাহতের তথ্য পাওয়া গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করে প্রকাশ করা হয়নি। একই সঙ্গে আহতদের সংখ্যা ও মোট হতাহতের পরিমাণ পরিবর্তিত হতে পারে বলেও জানিয়েছেন তারা।
ইরানে জ্বালানি ট্যাংকার ও যাত্রীবাহী বাসকে ঘিরে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার ঘটনা নতুন নয়। দেশটির দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং অতিরিক্ত ভারী যান চলাচলকে এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।
এর আগে ২০১৮ সালে সানান্দাজের কাছে যাত্রী ওঠানোর জন্য থেমে থাকা একটি বাসকে জ্বালানি ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হয়েছিলেন।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড় হারের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির সড়কের বেহাল অবস্থা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান এবং প্রায় ৮ লাখ মানুষ আহত হন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)