Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরাকে মার্কিন সেনা নিয়ে নুজাবা নেতার হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

ইরাকে মার্কিন সেনা নিয়ে নুজাবা নেতার হুঁশিয়ারি

নুজাবা মুভমেন্টের মহাসচিব আকরাম আল-কাআবি।

ইরাক থেকে বিদেশি সেনা প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর দেশটিতে কোনো মার্কিন সেনা অবস্থান করলে তাদের নিরাপদে থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরাকের নুজাবা মুভমেন্টের মহাসচিব আকরাম আল-কাআবি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আকরাম আল-কাআবি বলেছেন, আগামী ৩০ সেপ্টেম্বর ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের সময়সীমা শেষ হবে। এই প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিরোধ বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, নির্ধারিত সময়ের পরও যদি কোনো মার্কিন সেনা ইরাকে থেকে যায়, তাহলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের পথে যেতে প্রস্তুত রয়েছে নুজাবা আন্দোলন। বিদেশি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে আল-কাআবি বলেন, ট্রাম্প ইরাকে কোনো বিজয় অর্জন করতে পারবেন না। তার দাবি, ইরানের ক্ষেত্রেও ট্রাম্প কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছেন।

সম্প্রতি ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্পের বিমান পরিবর্তনের একটি ঘটনার প্রতি ইঙ্গিত করে নুজাবা নেতা আরও কড়া মন্তব্য করেন। তিনি দাবি করেন, ইরান যদি মার্কিন প্রেসিডেন্টকে ভয় দেখাতে পারে, তাহলে ইরাকও শিগগিরই তাকে বড় ধরনের চাপে ফেলতে সক্ষম হবে।

আল-কাআবির অভিযোগ, ট্রাম্প একজন পেশাদার মিথ্যাবাদী এবং তিনি মূলত প্রচারণা ও গণমাধ্যমের মাধ্যমে নিজের বিজয়ের ভাবমূর্তি তুলে ধরতে চান। তবে ইরাকি প্রতিরোধ বাহিনী তাকে এমনকি প্রচারণার ক্ষেত্রেও বিজয়ী হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

নুজাবা মুভমেন্টের মহাসচিবের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরাক থেকে মার্কিন ও অন্যান্য বিদেশি বাহিনীর উপস্থিতি কমানো বা প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে। নির্ধারিত সময়সীমার পর মার্কিন সেনা অবস্থান করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কার কথাই তার বক্তব্যে উঠে এসেছে।

মন্তব্য করুন