নেপালে ভয়াবহ বন্যা:
৯ দিন পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
ছবি: সংগৃহীত
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর ত্রিশূলী-৩-এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই টানেলে এখনো আরো কয়েকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
উদ্ধারস্থল থেকে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের একজনকে অক্সিজেন দেয়া হচ্ছে। তার নাম জানিয়েছে সঞ্জয় শাহ।
সঞ্জয় শাহই ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে উদ্ধার হওয়া প্রথম ব্যক্তি। তিনি নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের একজন মেকানিক্যাল ফোরম্যান হিসেবে কর্মরত।
উদ্ধারের পর সঞ্জয় জানান, সেদিন সেখানে সাধারণ সময়ের তুলনায় অনেক বেশি কর্মী ছিলেন। তিনি প্রথমে সহকর্মীদের নিরাপদে বের করে দেয়ার চেষ্টা করেন। তবে অন্যদের বের হতে সাহায্য করতে গিয়ে নিজের বেরিয়ে যাওয়ার সুযোগ হারান।
তার ভাষ্য অনুযায়ী, সহকর্মীদের নিরাপদে পাঠানোর পর শেষ পর্যন্ত তিনি আর টানেল থেকে বের হতে পারেননি। আটকে থাকার সময় তিনি প্রার্থনা করতেন বলেও জানান। সঞ্জয় আরও জানান, তিনি যেখানে আটকা পড়েছিলেন তার আরো গভীরে অন্য লোকজনও আটকে থাকতে পারেন।
সঞ্জয়ের সহকর্মী সুরেশ চৌধুরী বলেন, আমি ভীষণ খুশি। এ খবরের অপেক্ষায় ছিলাম। এতে আশা তৈরি হয়েছে যে অন্যদেরও জীবিত উদ্ধার করা সম্ভব হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, টানেল থেকে জীবিত উদ্ধার হওয়া দ্বিতীয় ব্যক্তির নাম কবির মহার্জন।
এদিকে, প্রথম উদ্ধার হওয়া সঞ্জয় শাহকে হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমে বাত্তার এলাকায় নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
অন্যদিকে, কবির মহার্জনের স্ত্রীও স্বামীর কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাকে কাঠমান্ডুর ছাউনিতে অবস্থিত সামরিক হাসপাতালে নেয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫২ জনে দাঁড়িয়েছে। এখনো প্রায় ৪ হাজার ২১৬ জন নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে, তিব্বতে আরো ৫৪১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে নিখোঁজ মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৭৫৭ জনে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)