৬ মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি প্রত্যাখান করলো মালয়েশি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
আগামী ৬ মাসে মালয়েশিয়া প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে- বাংলাদেশের প্রতিমন্ত্রীর এমন দাবি উড়িয়ে দিয়েছে মালয়েশিয়া সরকার।
দেশটির যোগাযোগমন্ত্রী ও সরকারি মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল জানিয়েছেন, বাংলাদেশের প্রতিমন্ত্রীর পক্ষ থেকে যে দাবি করা হয়েছে, সেটি মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে ফাহমি ফাদজিল সাংবাদিকদের বলেন, ওই বক্তব্য একজন প্রতিমন্ত্রী দিয়েছেন। এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তকে প্রতিনিধিত্ব করে না। মানবসম্পদ মন্ত্রী আমাকে এ কথা জানিয়েছেন। সুতরাং, এটি কোনো আনুষ্ঠানিক অবস্থান নয়।
এর আগে গত রবিবার (৩০ আগস্ট) বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের বলেন, মালয়েশিয়া আগামী ছয় মাসে প্রায় দুই লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করছে।
তিনি আরো বলেন, মালয়েশীয় কর্তৃপক্ষের অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে এবং সেপ্টেম্বরের শেষে পর্যায়ক্রমে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে ছয় মাসের মধ্যে তা সম্পন্ন হবে।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইটস টাইমস (এনএসটি) বলছে, মালয়েশিয়া বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নেয়ার সময় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের এই দাবি সামনে এসেছে।
এদিকে ২০৩০ সালের মধ্যে দেশটির মোট শ্রমশক্তিতে বিদেশি কর্মীর হার প্রায় ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে সরকারের।
উল্লেখ্য, ৩০ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছিলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সেপ্টেম্বরের শেষ নাগাদ শুরু হবে। এরপর পর্যায়ক্রমে আগামী ৬ মাসের মধ্যে ২ লাখ কর্মী পাঠানো হবে বলে মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এসব কর্মী নিয়োগ দেয়া হবে। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে পরবর্তী ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
এর আগে গত জুন মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছিলেন।
২০২৪ সালে বাংলাদেশি কর্মী নিয়োগে বিধিনিষেধ আরোপ করেছিল মালয়েশিয়া। শ্রমিকদের শোষণ, ঋণের দায়ে জিম্মি করে রাখা, জোরপূর্বক শ্রমে নিয়োজিত করা এবং প্রতিশ্রুত চাকরি ছাড়াই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর মতো অভিযোগের পর এই বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)