মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি মমতার মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের মেয়ে। পরিবারের সদস্যদের ধারণা, দীর্ঘদিনের মানসিক অবসাদের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। প্রাথমিক তদন্তেও পুলিশের একই ধরনের ধারণা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার একটি কক্ষে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বৃষ্টি পেশায় স্কুলের করণিক ছিলেন। ২০২৩ সালের মার্চে কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে তাঁর চাকরি বাতিল হয়। তিনি বোলপুরের একটি উচ্চবিদ্যালয়ে কর্মরত ছিলেন।
বৃষ্টির বাবা নীহাররঞ্জন তখন দাবি করেছিলেন, তাঁর মেয়ে পড়াশোনায় ভালো ছিলেন এবং নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। মেয়ের চাকরির জন্য তিনি কোনো ধরনের তদবির করেননি বলেও জানিয়েছিলেন।
পরিবার ও ঘনিষ্ঠজনদের ভাষ্য, চাকরি হারানোর পর কয়েক বছর ধরে নানা ব্যক্তিগত ও পারিবারিক সংকটের মধ্যে ছিলেন বৃষ্টি। সম্প্রতি তাঁর বিবাহবিচ্ছেদের মামলাও আদালতে শুরু হয়েছিল। পরিবারের এক সদস্য জানান, প্রায় চার-পাঁচ বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছিলেন।
পুলিশ বৃষ্টির মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)