Logo
×

Follow Us

আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে অস্থির তেলের বাজার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে অস্থির তেলের বাজার

সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর)ও দুই প্রধান আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫৯ ডলারে উঠেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী এলাকাগুলোতে সংঘাত আরও বিস্তৃত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কাই তেলের বাজারে দামের ঊর্ধ্বগতির অন্যতম কারণ বলে মনে করছেন তারা।

এরই মধ্যে ইরানে ফের হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন। ইরানের হামলার জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে গত রোববার (৩০ আগস্ট) রাতে ইরানের লারাক দ্বীপে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যসহ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওই হামলার পর জর্ডানে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান। দুই দেশের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন