মার্কিন হামলার জবাবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম
সংগৃহীত ছবি
ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, রোববার জর্ডানের কিং হুসেইন ও আল আজরাক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইরানি বাহিনী দাবি করেছে, হামলায় ঘাঁটি দুটির প্রযুক্তিগত ও পুনর্গঠন সক্ষমতার পাশাপাশি বিমান উড্ডয়নের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ধারাবাহিক আগ্রাসন ও হামলার জবাব দেওয়া হবে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধেও আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।
এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে আইআরজিসির দুটি রকেট লঞ্চারে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে এর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় আইআরজিসি।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা দাবি করেন, মাইনবাহী মার্কিন দুটি জাহাজে হামলার প্রস্তুতি নিচ্ছিল ওই দুই রকেট লঞ্চার। এ কারণে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়।
ওই কর্মকর্তা আরও জানান, মার্কিন বাহিনী সংশ্লিষ্ট এলাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সাথে হরমুজ প্রণালিতে নৌযানের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা প্রস্তুত রয়েছে।
এদিকে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি নিশ্চিত করে আইআরজিসি দাবি করেছে, ওই ঘটনায় তাদের কয়েকজন সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, হামলার জন্য দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে আইআরজিসি।
তবে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এই প্রতিবেদন তৈরির সময় পাওয়া যায়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)