Logo
×

Follow Us

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মুসলিমদের শত্রু বললেন খামেনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৭:২২ পিএম

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মুসলিমদের শত্রু বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত শত্রুর মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও ইসরাইলকে মুসলিম ঐক্য এবং পারস্পরিক বন্ধুত্বের ‘চিরশত্রু’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রোববার (৩০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে খামেনির এসব বক্তব্যের কথা জানানো হয়।

খামেনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তাঁর অভিযোগ, মুসলিম বিশ্বের মধ্যে বিভক্তি ও দুর্বলতার সুযোগ নিয়ে উপযুক্ত সময়ে দেশগুলোর ওপর প্রভাব ও আধিপত্য বিস্তারের পরিকল্পনা রয়েছে তাদের।

মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ নেতা। তিনি প্রশ্ন তোলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় অবস্থায় পড়ত এবং দখলদারদের নির্যাতন ও অপরাধের শিকার হতো?

তিনি আরও বলেন, মুসলিম দেশগুলো ইসলামি ঐক্যের ভিত্তিতে একত্রিত হলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা কোনো শক্তি পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড ও সম্পদের দিকে আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা দেখানোর সাহস পেত না।

মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি বলেন, তাদের প্রকৃত শত্রুকে সঠিকভাবে শনাক্ত করতে হবে। একই সঙ্গে শত্রুর পরিকল্পনা ও উদ্দেশ্য বুঝে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গড়ে তুলতে হবে।

খামেনির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরোধিতা শুধু ইরান, ইরানি জনগণ কিংবা ইসলামি প্রতিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের প্রতিই তাদের বিরূপ অবস্থান রয়েছে বলে দাবি করেন তিনি।

মন্তব্য করুন