নেপালে ধ্বংসস্তূপে ৩ দিন পর জীবিত শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম
ছবিঃ এনডিটিভি
নেপালের রসুয়া জেলায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর ধ্বংসস্তূপের নিচে টানা তিন দিন আটকে থাকা ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধারকারীরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ পেয়ে অভিযান চালিয়ে মনিষা মগার নামের শিশুটিকে উদ্ধার করেন। তার পরিবারের সন্ধানে স্থানীয় প্রশাসন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চেষ্টা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটিকে উদ্ধারের ঘটনা দুর্যোগে বিপর্যস্ত নেপালের উদ্ধারকারীদের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছে। গত বুধবারের বন্যা ও ভূমিধসে ভোতে কোশি নদীর কাদা-পাথরের স্রোতে রসুয়া জেলার তিমুড়ে গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
শুক্রবার ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালানোর সময় নেপালের আর্মড পুলিশ ফোর্সের (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে শিশুটির কান্নার শব্দ শুনতে পান। এরপর দ্রুত মাটি খুঁড়ে তাকে জীবিত অবস্থায় বের করে আনা হয়। উদ্ধার করার পর তিমুড়ে সীমান্ত চৌকিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় মনিষাকে।
পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে শুক্রবার সন্ধ্যায় আকাশপথে তাকে নেওয়া সম্ভব হয়নি। উদ্ধারকারীরা শনিবার দুপুর পর্যন্ত শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল রাখার চেষ্টা করেন। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে মনিষা।
শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উদ্ধারকারীদের প্রশংসা করছেন অনেকে। কঠিন পরিস্থিতির মধ্যেও অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য নেপালের আর্মড পুলিশ ফোর্সের সদস্যদের প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
তবে উদ্ধারের সময় শিশুটির সাথে পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। ফলে মনিষার স্বজনদের সন্ধানে স্থানীয় প্রশাসন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা উদ্যোগ নিয়েছেন। শিশুটিকে কেউ চিনলে বা তার পরিবারের বিষয়ে তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
এদিকে নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত ৭৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্যোগে ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথাও জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। শনিবার কাঠমান্ডুতে সাংবাদিকদের তিনি বলেন, বন্যার পর পুনর্নির্মাণ ও পুনর্বাসনে শতকোটি ডলারের বেশি অর্থের প্রয়োজন হতে পারে। ক্ষয়ক্ষতি মূল্যায়নের পর পুনর্গঠনের পরিকল্পনা করা হবে জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)