আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী গিলানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি
পাকিস্তান-শাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) ১৭তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী ব্যারিস্টার ইফতিখার গিলানি। শুক্রবার (২৮ আগস্ট) তিনি নতুন সরকারের প্রধান হিসেবে শপথ নেন।
এর আগে আজাদ কাশ্মীর আইনসভায় প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটে ৩০ ভোট পেয়ে জয়ী হন ইফতিখার গিলানি। তাঁর প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী সরদার মুখতার খান পান ১৪ ভোট।
নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য মুজাফফরাবাদে আইনসভার বিশেষ অধিবেশন বসে। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার চৌধুরী তারিক ফারুক। ভোটের সময় দুই প্রার্থীই আইনসভায় উপস্থিত ছিলেন। ভোট শুরুর আগে তারা পরস্পরের সাথে করমর্দন করেন, যা অধিবেশনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে।
২০১১ সালে প্রথমবার আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার সদস্য নির্বাচিত হন ইফতিখার গিলানি। এর আগে তিনি এজেকে সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। পিএমএল-এনের আজাদ কাশ্মীর শাখার সভাপতি শাহ গুলাম কাদির অধিবেশনে উপস্থিত না থাকলেও দলটির জ্যেষ্ঠ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার সেখানে ছিলেন।
শপথ নেওয়ার পর ইফতিখার গিলানি বলেন, তাঁর সরকার দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবে। জনগণের অংশগ্রহণে এমন একটি আজাদ কাশ্মীর গড়ে তোলার লক্ষ্য থাকবে, যা বিশ্বের কাছে উদাহরণ হয়ে উঠবে। তিনি বলেন, ‘আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব।’
গিলানি জানান, আজাদ কাশ্মীরে সুশাসনের ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে তাঁর সরকার গুরুত্ব দেবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়ানো, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
নতুন প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার হবে জনগণের সরকার। সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীরা তাঁর সরকারের সময়ে পরিবর্তনের সুফল পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে কাশ্মীরের জনগণের জন্য তাঁর সরকারের সময়কে একটি নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেন গিলানি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)