Logo
×

Follow Us

আন্তর্জাতিক

কুয়েতের সাথে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৬:২৮ পিএম

কুয়েতের সাথে প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের

সংগৃহীত ছবি

সৌদি আরব ও তুরস্কের সাথে প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার পর এবার কুয়েতের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে দুই দেশের মধ্যে এ চুক্তি সই হয়। এর মাধ্যমে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে পাকিস্তান-কুয়েত সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হলো।

চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে বৃহস্পতিবার ইসলামাবাদ সফর করেন কুয়েতের প্রতিরক্ষামন্ত্রী শেখ আবদুল্লাহ আল সাবাহ। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফের সাথে বৈঠকের পর দুই দেশের পক্ষ থেকে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করা হয়।

কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন চুক্তির প্রধান লক্ষ্য হলো প্রতিরক্ষা ও সামরিক খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো। সামরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেই পাকিস্তান ও কুয়েতের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তি হলো। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর পর ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে সংঘাতের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগে যুক্ত রয়েছে পাকিস্তান। আঞ্চলিক উত্তেজনার এমন পরিস্থিতিতে কুয়েতের সঙ্গে ইসলামাবাদের প্রতিরক্ষা সহযোগিতা নতুন মাত্রা পেল।

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরব ও তুরস্কের সাথে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোটে যোগ দেয় পাকিস্তান। সৌদি আরবের মক্কায় ওই জোটের চুক্তি স্বাক্ষরিত হওয়ায় এটি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘মক্কা জোট’ বা ‘মক্কা প্যাক্ট’ নামে পরিচিতি পায়।

এই জোটে সৌদি আরবের আর্থিক সক্ষমতা, তুরস্কের সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের সামরিক জনবল ও পারমাণবিক সক্ষমতাকে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করা হয়। মক্কা জোটে যুক্ত হওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই কুয়েতের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করল পাকিস্তান।

সংশ্লিষ্টদের মতে, সৌদি আরব ও তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা পাকিস্তানের মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সামরিক ও কৌশলগত সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য করুন