দুর্নীতির বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম
সংগৃহীত ছবি
দুর্নীতিবাজ কর্মকর্তাদের কঠোর শাস্তি এবং অবৈধ সম্পদ বাজেয়াপ্তের দাবিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। গত বছরের সরকারবিরোধী আন্দোলন ও দাঙ্গার এক বছর পূর্তির দিনে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ‘সম্পদ বাজেয়াপ্তকরণ বিল’ দ্রুত পাস করা। ২০০৮ সাল থেকে আলোচনায় থাকা এই বিল পাস হলে অপরাধ প্রমাণিত হওয়ার আগেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবৈধ সম্পদ রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করার সুযোগ তৈরি হবে। বিক্ষোভকারীদের একটি অংশ দুর্নীতির অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখারও দাবি জানিয়েছে।
আন্দোলনের একপর্যায়ে পার্লামেন্টের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমাদসহ শীর্ষ আইনপ্রণেতারা বিক্ষোভকারীদের স্মারকলিপি গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পদ বাজেয়াপ্তকরণ বিল পাস না হলে পদত্যাগ করার লিখিত অঙ্গীকার করেন তারা।
তবে শুধু দুর্নীতিবিরোধী দাবিতেই সীমাবদ্ধ ছিল না বিক্ষোভ। শিক্ষার্থীরা সাম্প্রতিক দুর্নীতি ও খাবারে বিষক্রিয়ার অভিযোগে বিতর্কিত বিনামূল্যের টিফিন কর্মসূচি বাতিলের দাবি জানান। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সামাজিক কর্মকাণ্ডে সামরিকীকরণের প্রবণতা বন্ধের দাবিও তোলেন তারা।
দিনভর শান্তিপূর্ণ বিক্ষোভের পর সন্ধ্যার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের একটি অংশ নিরাপত্তাবেষ্টনী ভেঙে পার্লামেন্টের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় একটি পুলিশ পোস্ট ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
বিক্ষোভকে কেন্দ্র করে জাকার্তায় সাড়ে ১৮ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে পুলিশ পরিবেশ বিনষ্টের অভিযোগে ৬৫ জনকে আটক করে।
জাকার্তার পাশাপাশি ইন্দোনেশিয়ার ইয়োগ্যাকার্তা ও মাকাসার শহরেও দুর্নীতিবিরোধী বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে এসব কর্মসূচিতে দুর্নীতি দমন, প্রশাসনিক জবাবদিহি এবং নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জোরালো হয়ে ওঠে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)