নেপালের দুর্যোগ মোকাবিলায় ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা চায় রেড ক্রস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
ছবিঃ সংগৃহীত
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি সহায়তা ও পুনর্বাসনের জন্য ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার তহবিল সংগ্রহের আবেদন জানিয়েছে রেড ক্রস। আগামী দুই বছর এই অর্থ দুর্যোগ মোকাবিলা, পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত মানুষের পুনরুদ্ধার কার্যক্রমে ব্যয় করা হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি) বৃহস্পতিবার এই জরুরি তহবিলের আবেদন জানায়। এর আগে জীবনরক্ষাকারী তাৎক্ষণিক কার্যক্রম পরিচালনায় সহায়তার জন্য সংস্থাটি ১০ লাখ সুইস ফ্রাঁ ছাড় করেছে।
আইএফআরসির মহাসচিব জগন চাপাগাঁই বলেন, দুর্যোগের ভয়াবহতার পূর্ণ চিত্র ধীরে ধীরে সামনে আসছে। অনেক গ্রাম পানির স্রোতে ভেসে গেছে। ফলে আগামী কয়েক ঘণ্টা ও দিনগুলোতে দুর্গত মানুষের প্রয়োজন আরও বাড়তে পারে।
তিনি বলেন, যারা ঘরবাড়ি ও জীবিকার উৎস হারিয়েছেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘমেয়াদি সহায়তা প্রয়োজন হবে। শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষকে নতুন করে জীবন ও জীবিকা গড়ে তুলতে সহায়তা করাও জরুরি।
গত বুধবার প্রবল বেগে বরফশীতল পানি ও কাদার স্রোত নেমে এসে অনেকটা সুনামির মতো আঘাত হানে। এতে বিভিন্ন জনপদ কাদামাটির স্রোতে তলিয়ে যায়। ভেসে যায় ঘরবাড়ি এবং ক্ষতিগ্রস্ত হয় সেতু ও বাঁধসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।
আইএফআরসির প্রাথমিক হিসাবে, এই দুর্যোগে প্রায় ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন। তবে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নেওয়া সম্ভব হয়নি।
সংস্থাটি জানিয়েছে, দুর্গত এলাকাগুলোর অনেকগুলোই প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এর ওপর যোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সবচেয়ে বেশি সহায়তা প্রয়োজন এমন মানুষের কাছে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
রেড ক্রসের আহ্বান করা তহবিল নেপাল রেড ক্রসের স্থানীয় দলগুলোর মাধ্যমে পরিচালিত হবে। এর আওতায় দুর্গতদের জন্য আশ্রয়, নগদ সহায়তা, প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পরিবারের বিচ্ছিন্ন সদস্যদের মধ্যে যোগাযোগ পুনঃস্থাপনেও সহায়তা করা হবে।
নেপাল রেড ক্রসের দলগুলো ইতোমধ্যে দুর্গত এলাকায় খাবার, পানি ও বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ শুরু করেছে। এসব সহায়তার মধ্যে রয়েছে ত্রিপল, কম্বল, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, স্ট্রেচার ও মরদেহ বহনের ব্যাগ।
আইএফআরসি বিশ্বের বৃহত্তম মানবিক সহায়তা নেটওয়ার্কগুলোর একটি। নেপালের চলমান দুর্যোগে স্থানীয় রেড ক্রসের কার্যক্রম আরও জোরদার করতেই এই আন্তর্জাতিক তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)