Logo
×

Follow Us

আন্তর্জাতিক

তিব্বতে হিমবাহধসের পর ৫ মাত্রার ভূমিকম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৩৩ এএম

তিব্বতে হিমবাহধসের পর ৫ মাত্রার ভূমিকম্প

ছবিঃ সংগৃহীত

ভয়াবহ হিমবাহধস ও বন্যার পর এবার ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তিব্বত। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাতে উত্তর তিব্বতে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র বুধবার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নেপাল ও চীনের অঞ্চলগুলোর কয়েক শত মাইল উত্তরে অবস্থিত ছিল।

এর আগে বুধবার তিব্বতের নাগকু এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছিল চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াও এ তথ্য প্রকাশ করে।

এদিকে তিব্বতে বন্যার ঝুঁকি আরও বাড়ায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে চীন। একটি ‘ব্যারিয়ার লেক’ বা প্রাকৃতিকভাবে পানি আটকে সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় দেশটি চতুর্থ স্তরের ‘ফ্লাড রেসপন্স’ ব্যবস্থা চালু করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হ্রদটির পানির উচ্চতা ও সংশ্লিষ্ট এলাকায় বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে চীনের পানি সম্পদ মন্ত্রণালয়। একই সঙ্গে পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে একটি বিশেষজ্ঞ দলকে গিরং কাউন্টিতে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক হিমবাহধস, আকস্মিক বন্যা ও একাধিক ভূমিকম্পের ঘটনায় তিব্বত ও আশপাশের এলাকায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

মন্তব্য করুন