বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা
আকস্মিক বন্যা ও ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত নেপালের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৪৬৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ।
নেপালের রাসুয়া জেলার বিস্তীর্ণ এলাকায় হড়পা বানের পানিতে জলবিদ্যুৎ প্রকল্প, সেতু, ঘরবাড়ি ও অসংখ্য যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। মুহূর্তের মধ্যে পানির স্রোত ও ধ্বংসাবশেষে তলিয়ে গেছে বিভিন্ন স্থাপনা। ভয়াবহ এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেপালি বংশোদ্ভূত এই অভিনেত্রী।
কাঠমান্ডুতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মনীষা কৈরালা বলেন, নিজের জন্মভূমির এমন বিপর্যয় তাঁকে মানসিকভাবে ভীষণভাবে নাড়া দিয়েছে। জীবনে এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেননি বলেও জানান তিনি। মানুষের সীমাহীন দুর্ভোগ প্রত্যক্ষ করা অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেন মনীষা।
অভিনেত্রী বলেন, এর আগেও ভয়াবহ ভূমিকম্পে নেপালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই শুধু প্রার্থনা নয়, সংকটের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
দুর্যোগে মৃতের সংখ্যা ৪৬৯ ছাড়িয়েছে এবং নিখোঁজ মানুষের সংখ্যা এক হাজার ৪০০-এর বেশি বলে জানানো হয়েছে। দুর্গত এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। রাসুয়া ও আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকায় ১৪টি হেলিকপ্টারের পাশাপাশি সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স (এপিএফ) ও পুলিশের একাধিক দল উদ্ধারকাজ চালাচ্ছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, তিব্বতের দিক থেকে নেমে আসা পানির প্রবল স্রোতে ভোটেকোশী নদীর পানি আকস্মিকভাবে দুই কূল ছাপিয়ে যায়। মুহূর্তের মধ্যে সৃষ্ট এই প্রবল স্রোতই রাসুয়া ও আশপাশের এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)